মাচায় পটোল চাষে সফল রিনা, বদলাচ্ছে মাটিরাঙ্গার কৃষিচিত্র
মাচায় পটোল চাষে সফল রিনা, বদলাচ্ছে মাটিরাঙ্গার কৃষিচিত্র
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার নতুন পাড়া এলাকায় মাচা পদ্ধতিতে বারি পটোল-১ জাতের চাষ করে নজর কাড়ছেন নারী কৃষি উদ্যোক্তা রিনা আক্তার। ৩০ শতাংশ জমিতে পরীক্ষামূলকভাবে শুরু করে প্রথমবারেই দারুণ সফলতা পেয়েছেন তিনি। এখন তার পথ ধরে আরও অনেকেই আগ্রহী হচ্ছেন পটোল চাষে।
রিনা আক্তার বলেন, “আইডিএফের সহযোগিতায় এবারই প্রথম মাচা বানিয়ে পটোল চাষ করেছি। ফলন ভালো এসেছে, এরই মধ্যে ৪০ থেকে ৫০ হাজার টাকার পটোল বিক্রি করেছি। প্রতি কেজি পটোল ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে।” তার সফলতা দেখে আশপাশের অনেক কৃষকও মাচায় পটোল চাষে ঝুঁকছেন।
এই প্রকল্প বাস্তবায়ন করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ)। কৃষি কর্মকর্তা আজমারুল হক জানান, “আমরা কৃষকদের সার, বীজ, বালাইনাশক ও পরামর্শ দিয়েছি। মাচা পদ্ধতিতে চাষে ফলন খুব ভালো এসেছে। ভবিষ্যতে বাণিজ্যিকভাবে এটি সম্প্রসারিত হবে।”
মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সবুজ আলী বলেন, “পটোল চাহিদাসম্পন্ন ও উচ্চফলনশীল সবজি। এখানে মাটি ও আবহাওয়া পটোল চাষের জন্য উপযোগী। মাচা পদ্ধতি উপযুক্তভাবে কাজে লাগাতে পারলে এ এলাকার কৃষি অর্থনীতিতে বড় পরিবর্তন আসবে।”

কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন